আন্তর্জাতিক ডেস্ক : তিন দিনের ব্যবধানে পাকিস্তানের কোয়েটায় আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার আল খায়ের হাসপাতালের কাছে জারগন সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, আহতের মধ্যে দুজন বেসামরিক নাগরিক ও দুই জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। সন্ত্রাসবিরোধী স্কোয়াডকে লক্ষ্য করে এই বোমাটি রাস্তায় পেতে রাখা হয়। স্কোয়াডের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বোমার বিস্ফোরণে আশপাশের ভবনের কাঁচ চুরমার হয়ে যায়।
বিস্ফোরণে পর নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে। এ ছাড়া, ঘটনার পর কোয়েটায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
গত সোমবার কোয়েটা সিভিল হাসপাতালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাংবাদিক, আইনজীবীসহ কমপক্ষে ৭০ জন নিহত হয়। সেই বিস্ফোরণের পর কোয়েটায় নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযান চলাকালেই বৃহস্পতিবারের বিস্ফোরণ ঘটল।

