নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকদের বেতনভাতা বন্ধের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার (২৫ জুলাই) একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ ৯ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০১১ সালের ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় নন এমপিও শিক্ষকদের নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। যাতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক) শিক্ষক ও কর্মচারিদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা ২০১০-এ যাই থাকুক না কেন, পুনরাদেশ না দেয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রেণি/বিভাগ খোলার ক্ষেত্রে নিযুক্ত শিক্ষকদের বেতনভাতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
মাউশির জারি করা ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল ২৪ জুলাই বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষক হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করে।

