নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুর্নীতির অর্থই জঙ্গিবাদে ব্যবহার হয়। তা না হলে, জঙ্গিরা এত টাকা পায় কিভাবে। কারণ সাদা ও বৈধ টাকা দিয়ে এত টাকা জঙ্গিখাতে ব্যবহার করা সম্ভব না।’
রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২১’ বাস্তবায়নের লক্ষ্যে মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জঙ্গি দমনের মতো দুর্নীতি দমনে সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গি দমনে সমাজ থেকে প্রতিটি স্তরে যেমন সচেতনতা তৈরি করা হচ্ছে, তেমনি দুর্নীতি দমনেও সচেতনতা তৈরি করতে হবে। সামাজিক আন্দোলন ছাড়া জঙ্গি ও অর্থসন্ত্রাস বন্ধ করতে পারব না।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘অপ্রদর্শিত অর্থ বা কালো টাকার মধ্যে দুর্নীতির বিশাল গহ্বর আছে। এর সঙ্গে আমরা যারা ফ্ল্যাট কিনি, শেয়ার বাজারে বিনিয়োগ করি, রিহ্যাব, ট্যাক্স অফিস সংশ্লিষ্টরা জড়িত। আমরা শিগগিরই এসব বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ মালা পেশ করব।’
রাজনৈতিক চাপ ছাড়া কাজ করছেন উল্লেখ করে বলেন, ‘এই চার মাসে কোনো রাজনৈতিক চাপে পড়িনি। আর ভবিষ্যতে এলেও চাপের কাছে মাথা নত করব না।’
দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় দুদকের তদন্ত শাখার কমিশনার এএফএম আমিনুল ইসলাম ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

