নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ধর্মের নামে জঙ্গি হামলা পরিচালনা করা হচ্ছে বলে দাবি জানিয়েছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন।
জঙ্গি হামলা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে স্বাধীনতার পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জঙ্গি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান ক্যাপ্টেন সাহাব উদ্দিন আহমদ বলেন, ‘২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় যুদ্ধাপরাধীদের বিচার ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে তখনই গুলশান ও শোলাকিয়ায় হামলা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা।’
তিনি বলেন, ‘হামলাকারীদের মূল উদ্দেশ্য হলো ইসলাম ধর্মের নাম ব্যবহার করে নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা, সরকারকে উৎখাত করা এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করা। এদেরকে সমূলে উৎপাটন করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, বাংলাদেশ নৌ বাহিনীর আবসরপ্রাপ্ত কমান্ডার আবদুল ওয়াহিদ চৌধুরী বীর উত্তম, মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের মহাসচিব শাহজাহান উদ্দিন বীরপ্রতিক প্রমুখ।

