আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া নিজ দেশের পূর্ব উপকূলে মঙ্গলবার তিনটি ভিন্ন মাত্রার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়া। গত মাসেই আরো একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা করেছিল দেশটি। কিন্তু তখন তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছিল।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌণে ৬টা থেকে ৬টা ৪০ মিনিট সময়ের মধ্যে পশ্চিমাঞ্চলীয় ওয়াংজু শহর থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। জাপান সাগরের ওপর দিয়ে এগুলো ৩১১ থেকে ৩৭৩ মাইল বেগে উড়ে যায়। যুক্তরাষ্ট্র বলছে, এর প্রথম দুটি স্বল্প পাল্লার স্কুয়াড এবং তৃতীয়টি ছিল সোভিয়েত যুগের প্রযুক্তিতে তৈরি মধ্য পাল্লার রোডং ক্ষেপণাস্ত্র।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে,‘ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ৫শ থেকে ৬শ কিলোমিটার (৩১০ মাইল) বেগে উড়ে যায়।’ ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, এগুলো তাদের বন্দর নগরী বুসিলসহ দক্ষিণ কোরিয়ার যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।
উত্তর কোরিয়ার এই উৎক্ষেপণের নিন্দা করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেছেন, পিয়ংইয়ংয়ের এই তৎপরতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করবে। তবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ চীন।
চলতি মাসের প্রথম দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র বিরোধী পদ্ধতি ‘টার্মিনাল হাই আল্টিচুড এরিয়া ডিফেন্স’ (থাড) স্থাপনে সম্মত হওয়ার পরই এই উৎক্ষেপণ চালাল পিয়ংইয়ং। তখন সিউল ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে নিজ দেশের নিরাপত্তার বিরুদ্ধে ‘প্রত্যক্ষ হুমকি’ হিসেবে উল্লেখ করেছিল উত্তর কোরিয়া। এর মাত্র দিন কয়েক পরেই তারা তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চলছে পিয়ংইয়ং। গত জুন মাসে বেশ কিছু মধ্য মাত্রার এবং চলতি মাসের গোড়ার দিকে আরো একটি সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল দক্ষিণ কোরিয়া।

