নিজস্ব প্রতিবেদক : গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় চাইলেই জঙ্গি হামলার আধাঘণ্টার মধ্যে প্রবেশ করা সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে গুলশানে হামলা হতে পারে। আমরা প্রস্তুতও ছিলাম। আমাদের একজন এসআই হামলার ঠিক ৩ মিনিটের মাথায় সেখানে উপস্থিতও হয়েছিল।’ শোলায়িকা হামলার আগাম তথ্যও ছিল বলে জানান তিনি। তাই মাঠের ১ কি.মি দূরে চেকপোস্ট বসানো হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা চাইলে আধাঘণ্টার মধ্যে রেস্টুরেন্টে ঢুকতে পারতাম। কিন্তু জিম্মিদের অবস্থা আমাদের জানা ছিল না। সেসব তথ্য জানতেই জঙ্গিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল।’
এসময় তিনি বিপথগামীদের এই পথ পরিহার করে ফিরে আসারও আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা কঠোর হতে চাই না। বিপথগামীদের সংখ্যাও বেশি নয়। কে কোথায় আছে, তার সবই আমরা জানি। তাই বলছি ফিরে আসো, দোষ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

