অর্থনৈতিক প্রতিবেদক : বিদেশে সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, ট্রেনিংসহ অন্যান্য কাজে বেসরকারিভাবে কেউ অংশ নিতে চাইলে প্রতিদিন হিসাব করে কত খরচ করা যাবে তা পুনঃনির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী সার্কভুক্ত দেশসমূহ ও মিয়ানমারের জন্য প্রতিদিনের খরচ হিসেবে সর্বোচ্চ ৩৫০ ডলার নেয়া যাবে। অন্য দেশের ক্ষেত্রে নেয়া যাবে ৪০০ ডলার করে।
এর আগে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য ছিল ২০০ ডলার ও অন্য দেশের ক্ষেত্রে ২৫০ ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বিদেশে সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ, ট্রেনিংসহ অন্যান্য কাজে বেসরকারীভাবে কেউ অংশগ্রহণ করলে নির্ধারিত সময়ের জন্য প্রতিদিনের জন্য সার্কভুক্ত দেশ ও মায়ানমারে ৩৫০ ও অন্য দেশে ৪০০ ডলার নিয়ে যাওয়া যাবে। তবে তার আগে অংশগ্রহণকারীকে তাদের ট্রেনিং, কনফারেন্স বা ওয়ার্কশপের ইনভাইটেশন পেপারের ফটোকপি, ব্যক্তিগত বা কোম্পানির তথ্যাদি প্রদান করতে হবে। যা এডি অফিসগুলোকে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অনুসন্ধানে গেলে যাতে তা চাইলেই দেখতে পারে। এতে ব্যয়ের যথাযথ খাত উল্লেখ করতে বলা হয়েছে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টে জমা দেয়া লাগতে পারে।
গাইডলাইন ফর ফরেন একচেঞ্জ ট্রানজেকশন (জিইএফটি), ২০০৯ (ভলিউম-১) এর চ্যাপ্টার ১২ এর প্যরা ৪ এ পরিবর্তনটি আনা হয়েছে বলে সার্কুলারে জানানো হয়েছে।

