আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের মাথা কাটতে পারলেই পাওয়া যাবে নগদ ৫০ লাখ টাকা। এমনটাই ঘোষণা করেছেন ভারতের হিন্দু মৌলবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা সাধ্বী প্রাচী। বুধবার দেশটির উত্তরখণ্ডে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাকির নায়েকের মস্তিষ্ক বিচ্ছিন্ন করার দাবি জানান বিতর্কিত হিন্দু ধর্মীয় নেতা সাধ্বী প্রাচী। তিনি বলেন, ‘আমি এই পুরস্কার ঘোষণা করেছি কারণ জাকির নায়েক কোনো ধর্মীয় নেতা নন। তিনি একজন সন্ত্রাসবাদী।’ ভারতের বিভিন্ন মাদ্রাসায় জাকির নায়েকের মতো ধর্মী প্রচারকের মুখোশ চিহ্নিত করতে সরকারের কাছে তিনি আবেদনও জানান।
এদিন সাধ্বী আরো জানিয়েছেন, পুরস্কার ঘোষণা করার পরপরই নাকি তিনি একটি বেনামী ফোন পেয়েছেন। ভিন্ন দেশ থেকে করা ওই ফোন মারফত তাকে হুমকি দেয়া হচ্ছে। প্রাচীর কথায়, ‘সাহিদস নামে কেউ একজন ফোন করে আমায় অপহরণের হুমকি দেয়।’ বৃহস্পতিবার তিনি এই ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন ভিএইচপি‘র এই নেতা।
উল্লেখ্য, একদিন আগে জাকির নায়েকের মাথা কাটার জন্য ১৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে শিয়া গোষ্ঠী হুসেইনি টাইগার্স। সংগঠনের প্রধান সৈয়দ কালবে হুসেইন নকভি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘ও (নায়েক) একজন খলনায়ক। ও পয়গম্বরকে অপমান করেছে। তাকে হত্যা করলে ১৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’

