নিউজ ডেস্ক : বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরও বিদেশি ক্রেতাদের জোট অ্যালায়েন্স এ দেশ থেকে তৈরি পোশাক কেনা অব্যাহত রাখবে।
জোটের বাংলাদেশ প্রতিনিধি জেমস মরিয়ার্টিকে উদ্ধৃত করে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
মরিয়ার্টি বলেন, ‘সদস্য কোম্পানিগুলো তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসবে না।’
এক কনফারেন্স কলে সাংবাদিকদের মরিয়ার্টি জানান, কোন কোম্পানি বাংলাদেশ থেকে কার্যাদেশ প্রত্যাহার বা বাতিল করেছে- এমন কোনো খবর তার জানা নেই।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে সহযোগিতা দিতে ২০১৩ সালে উত্তর আমেরিকাভিত্তিক ক্রেতাদের নিয়ে গঠিত হয় অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। ওয়ালমার্ট ও গ্যাপের মতো বড় ক্রেতা প্রতিষ্ঠানও এই জোটের সদস্য।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে ভয়াবহ জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন, যাদের অনেকেই তৈরি পোশাকের ব্যবসায় জড়িত ছিলেন।
ওই ঘটনার পর বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে কর্মরত কিছু বিদেশি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করে বলে রয়টার্স জানায়।
এদিকে যুক্তরাষ্ট্রও হামলার পর সোমবার তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার।
ঢাকায় একসময় যুক্তরাষ্ট্র্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মরিয়ার্টি বলেন ‘বেশিরভাগ দূতাবাসই তাদের নাগরিকদের এমনভাবে চলাফেরা করতে বলেছে, যাতে তারা খুব বেশি নজরে না পড়েন।’
তিনি বলেন, অনেক বড় কোম্পানি তাদের বিদেশি কর্মীদের বাংলাদেশে পাঠানো বন্ধ রেখেছে। তবে তাদের পক্ষে বাংলাদেশে যারা কাজ করছেন, তাদের অধিকাংশই হয় বাংলাদেশি, নয়তো দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের নাগরিক।
মরিয়ার্টি বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা এ ধরনের হামলা চালাচ্ছে, তাদের সংখ্যা হাতে গোনা এবং তাদের পক্ষে তেমন কোনো সমর্থন নেই।’ অ্যালায়েন্স বাংলাদেশে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

