আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালত প্রাঙ্গণে এক বন্দির গুলিতে আইনপ্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ওই দুই কর্মকর্তার দুই সহকারী। পরে পুলিশের গুলিতে ওই বন্দিও নিহত হয়।
শিকাগো থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত অবকাশযাপন শহর সেন্ট জোসেফে সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
নিহত ওই দুই কর্মকর্তা আদালতে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। আদালতে নিয়োজিত এসব নিরাপত্তা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে বেইলিফ বলা হয়ে থাকে।
নিহত ওই বন্দিকে আদালতে নিয়ে যাওয়ার পর তিনি বেইলিফদের সঙ্গে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে এক কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন বেরিয়েন কাউন্টি শেরিফ পল বেইলি।
বন্দি এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করলে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়েন। এ সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে ওই বন্দুকধারী বন্দি নিহত হয়।
এ ঘটনায় এক ডেপুটি শেরিফ ও অপর এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।
তবে নিহত বন্দির পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল সে বিষয়ে কিছুই জানায়নি শেরিফ বেইলি।

