আন্তর্জাতিক ডেস্ক : ইদানিং রাস্তায় ফোন পাগল অনেক মানুষই দেখা যায় যারা সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। ফোন দিকের তাকিয়ে হাঁটতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকারও হন। এই জাতীয় স্মার্ট ফোন পাগলদের জন্য রাস্তায় সতর্কতামূলক স্ট্রিট সাইন বসানো হয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যস্ততম রাজধানী সিউলে।
কোরিয়া টাইমসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রায় ৩০০ স্ট্রিট সাইন বসানো হয়েছে সিউলের পথে পথে, যাতে করে পথ চলতি মানুষ রাস্তা পারাপারের সময় স্মার্ট ফোন মুখ গুজে থাকার বিপদ সম্পর্কে সাবধান হতে পারে।
এই জাতীয় ফোন পাগলাদের বলা হয় স্মার্টফোন জোম্বি। জোম্বি অর্থ জ্যান্ত লাশ অর্থাৎ বেঁচে থেকেও যে মৃত বা চেতনহীন। মানুষ যখন স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে তখন তাদের আশেপাশের হুশ থাকেনা, এই কারনেই স্মার্টফোন জোম্বি কথাটা ব্যবহার হয় তাদের ক্ষেত্রে।
সাম্প্রতিক সময়ে এই জাতীয় মানুষ বহু দুর্ঘটনার কবলে পড়েছে। ২০১৪ সালে সিউলে স্মার্টফোনে ব্যস্ত থাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে এক হাজারেরও বেশি। ২০০৯ সালে এই জাতীয় দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৩৭টি।
সিউলের পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় এই সাইন বসানো হয়েছে। ফোন পাগল লোকেদের যাতে চোখে পড়ে সেজন্য ফুটপাতে বেশ কয়েকটি জায়গায় সাইন বসানো হয়েছে। অনেকেই এই উদ্যোগে নৈরাশ্য প্রকাশ করলেও সিউল কর্তৃপক্ষ আশা করছেন, এতে অন্তত স্মার্টফোন জোম্বিদের চেতন হবে।

