আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ লেবার পার্টির নারী সংসদ সদস্য জো কক্সকে (৪১) গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিজ সংসদীয় এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে বৃহস্পতিবার রাতে এক বন্দুকধারি দুটি গুলি করলে জো কক্স মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার পর জো কক্সের মুখে তৃতীয় দফা গুলি করে হামলাকারী। মাটিতে লুটিয়ে পড়া জো কক্সকে কয়েক দফা ছুরিও মারেন বন্দুকধারি। রক্তাক্ত অবস্থায় লেবার দলীয় এমপি কক্সকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টা খানেক পর মারা যান তিনি ।
জো কক্সের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা নিয়ে ব্রিটেনে গণভোটের প্রচার স্থগিত করা হয়। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকার পক্ষে জোরালো অবস্থান ছিল বিরোধী লেবার পার্টির এ সংসদ সদস্যের। বেটলি অ্যান্ড স্পেন আসনে বিরোধী দল লেবার পার্টির এমপি ছিলেন প্রয়াত জো কক্স।
ব্রিটিশ এ সংসদ সদস্যকে হত্যার অভিযোগে রাতেই পশ্চিম ওয়ার্কশায়ারের ব্রিসটলের মার্কেট স্ট্রিট থেকে ৫২ বছর বয়সী সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই সন্দেভাজন স্থানীয়দের কাছে টমি মায়ার হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪১ বছর বয়সী জো কক্স ছুরিকাঘাত ও গুলি খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। এই হামলায় জো কক্স ছাড়াও অন্য আরেকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, আকস্মিকভাবে লেবার পার্টির এ এমপি উপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ক্যাফে মালিক ক্লার্ক রথওয়েল সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, সজোরে ফেটে পড়ার মতো শব্দ শুনতে পান তিনি। তাকিয়ে ঘটনাস্থলে বন্দুক হাতে একজন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে দেখতে পান তিনি।
জো কক্স খুনে নিন্দা জানিয়েছেন লেবার পার্টি নেতা জেরেমি করবিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘটনাতে দুঃখজনক আখ্যায়িত করে বলেছেন, প্রয়াত সংসদ সদস্য ছিলেন দায়িত্বশীল ও আদর্শের প্রতীক। এ ঘটনার পর গণভোট নিয়ে একটি সমাবেশের পরিকল্পনা বাতিল করেন ডেভিড ক্যামেরন।
ব্রিটিশ এমপি হত্যায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিশ্ব নেতারা। নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। বলেছেন, এ হত্যা বর্বর ও পৈশাচিক।
প্রয়াত এমপি জো কক্সের স্বামী ব্রেন্ডান কক্স বলেছেন, সুন্দর এক পৃথিবী প্রতিষ্ঠায় লড়েছেন তার স্ত্রী। তার সে স্বপ্ন বাস্তবে রুপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গত আড়াই দশকের মধ্যে এই প্রথম কোনো ব্রিটিশ এমপি বন্দুকধারির গুলিতে প্রাণ হারালেন। এর আগে ১৯৯০ সালে স্বাধীনতাকামি আইরিশ রিপাবলিকান আর্মির হামলায় কনজারভেটিভ এমপি ইয়ান গাও নিহত হয়েছিলেন।

