ঢাকাWednesday , 1 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু

Link Copied!

shifনিজস্ব প্রতিবেদক : নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনামুক্ত নৌ-পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকলের সচেতনতা বাড়াতে বুধবার (০১ জুন) থেকে দেশব্যাপী অষ্টমবারের মত “নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬” শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। এ বারের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা’।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী ক্রোড়পত্রে বাণী প্রদান করেছেন।
বুধবার (০১ জুন) দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়।
তিনি বলেন, ‘সরকার নৌপথের সার্বিক নিরাপত্তা বিধানে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে যেসব সীমাবদ্ধতা আছে সেগুলো দূর করার জন্য সরকার কাজ করছে।’
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা হ্রাসে মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে নৌযান শ্রমিকদের সচেতনতা বাড়ানো জরুরি। তারা (শ্রমিকরা) যদি যাত্রীদেরকে নিজেদের পরিবারের সদস্য মনে করেন তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।’ তিনি নৌ নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘নৌ সেক্টরের উন্নয়ন ও দুর্ঘটনা হ্রাসে শ্রমিকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের কল্যাণের দিকটিও মালিকদেরকে লক্ষ্য রাখতে হবে। ভাল ও পরিকল্পিত জাহাজ নির্মাণে মালিকদেরকেও প্রণোদনা দিতে হবে। তাহলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে।’
এসময় তিনি বালুবাহী জাহাজের (অর্ধ ডুবন্ত) বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমদ, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ পালনের আয়োজন করে। মূল উদ্বোধন অনুষ্ঠানসহ নারায়ণগঞ্জ, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও মংলা বন্দরে নৌ সপ্তাহ উদযাপন করা হবে। উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন নৌ বন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নৌ সচেতনতা বাড়ানোর কর্মসূচি, পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি ও ক্রোড়পত্র প্রকাশ, সারা দেশে অরেজিস্ট্রিকৃত নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা ইত্যাদি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।