আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজে মঙ্গলবার সকালে গুলি করে কমপক্ষে ১৬ বাসযাত্রীকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। এখনো তাদের হাতে আটক য়েছে ৩০ জনের মত যাত্রী।
স্থানীয় এক পুলিশ মুখপাত্র ও তালেবান প্রতিনিধির বরাত দিয়ে পাক দৈনিক ডন জানাচ্ছে, মঙ্গলবার সকালে উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের আলিবাদ এলাকা অতিক্রম করছিল যাত্রীবোঝাই চারটি বাস। সেগুলোতে নারী ও শিশুসহ কমপক্ষে ২শ যাত্রী ছিল। বাসে আফগান সেনা কমান্ডার ও পুলিশ থাকার খবর পেয়ে সেগুলোর গতিরোধ করে তালেবান যোদ্ধারা। তারা কয়েকজন যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করে। হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৬।
এরপর তারা ২শ বাসযাত্রীকে অপহরণ করে কুন্দুজের চারদারা জেলার ওমরখিল গ্রামে নিয়ে যায়। পরে অবশ্য বেশিরভাগকেই ছেড়ে দেয়া হয়। তবে তারা কেন আটক বাসযাত্রীদের ছেড়ে দিল তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, নিরীহ বাসযাত্রীদেরকেই তারা ছেড়ে দিয়েছে। সন্দেহভাজনদের আটকে রেখেছে।
এ সম্পর্কে কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সৈয়দ মাহমুদ দানিস জানিয়েছে,‘তালেবানরা গুলি করে ১৬ যাত্রীকে হত্যা করেছে। তাদের হাতে এখনো আটক রয়েছে ৩০ জনের বেশি মানুষ।’
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,‘আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম ওই বাসগুলোতে ২৬ আফগান কমান্ডার ও পুলিশ রয়েছে।’ তিনি আরো জানান, পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে এদের ছয়জন নিহত হয়েছেন।

