ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি : ৬ জনের ফাঁসির আদেশ

Link Copied!

lowনিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে আশুলিয়ার জামগড়া বাজারে কমার্স ব্যাংকে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের ৬ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও বিচারক একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
মঙ্গলবার (৩১ মে) ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বোরহান উদ্দিন, সাইফুল ওরফে আল-আমিন, মিন্টু প্রধান, মো. জসীম উদ্দিন, মো. মাহফুজুল ইসলাম ওরফে সুমন ও পলাশ ওরফে সোহেল রানা। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাশ পলাতক রয়েছেন।
রায়ে উকিল হাসান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আসামি আব্দুল বাতেন এবং শাহজাহান জমাদারকে ৩ বছর কারাদণ্ডের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের দুইজনকে আরো এক মাস কারাভোগ করতে হবে।
অপরদিকে, বাবুল সর্দার এবং মোজাম্মেল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেয়েছেন। রায় ঘোষণার সময় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
এদিকে, রায় ঘোষণাকে ঘিরে আদালত কক্ষের সামনে র‌্যাব-পুলিশ সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গত ২৫ মে রাষ্ট্রপক্ষের এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি খন্দকার আবদুল মান্নান এবং আসামিপক্ষে আইনজীবী ফারুক আহম্মেদ মামলাটি পরিচালনা করেন ।
বিচারকার্য চলাকালে মামলাটিতে চার্জশিটভুক্ত ৯৭ জন সাক্ষির মধ্যে ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাহজাহান জমাদার বাদে অন্য সবাই জেএমবির সদস্য।
গত ১৮ জানুয়ারি এই মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে একই আদালত।
এর আগে মামলাটিতে গত ৭ জানুয়ারি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। গত বছর ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ২১ এপ্রিল দিনেদুপুরে আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে দুর্ধর্ষ ডকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের গুলি এবং চাপাতির আঘাতে নিহত হন, ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালীউল্লাহ, দুই নিরাপত্তা প্রহরী কাজী বদরুল আলম ও ইব্রাহীম, ব্যাংকের গ্রাহক সাহাবুদ্দিন পলাশ, স্থানীয় ব্যবসায়ী নূর মোহাম্মদসহ ৮ জন।
ডাকাতরা ৬ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় বোরহান উদ্দিন ও সাইফুল নামের ২ ডাকাতকে জনগণ হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেয়। এদের একজন ঘটনাস্থলে নিহত হয়। গনপিটুনিতে আহত অন্যজনের স্বীকারোক্তির ভিত্তিতে বাবুল সরদার ও মিন্টু প্রধানকে আটক করে পুলিশ।
এ ঘটনায় জেএমবির একাধিক সদস্যসহ ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।