নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাইকার আর্থিক সহায়তায় কাঁচপুর ব্রিজ, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণকাজ পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেবে জাইকা। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরপরই সেতু তিনটির নির্মাণকাজ শুরু হয়ে গেছে। কাজের গতি শিডিউলের চেয়েও দুই মাস এগিয়ে আছে। নির্ধারিত সময় ২০১৮ সালের নভেম্বরের দু-তিন মাস আগেই সেতু তিনটির নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এ সময় সেতুর নির্মাতা প্রতিষ্ঠান জাপানের টোকিও করপোরেশনের কর্মকর্তা এবং সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

