নিজস্ব প্রতিবেদক : সচিবালয় থেকে উপজেলা পর্যায়ে প্রায় ১৯ হাজার অফিসে নথিপত্র সংরক্ষণে ইলেক্ট্রনিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায়ের সব অফিসকে পর্যায়ক্রমে ই-ফাইলিংয়ের আওতায় আনা হচ্ছে। চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে ২০১৮ সালের মধ্যে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি ই-ফাইলিং সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। এতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প ২০২১ বাস্তবায়নে দাপ্তরিক নথি ব্যবস্থাপনায় ও রেকর্ড সংরক্ষণে ই-ফাইল একটি কার্যকর টুল হিসেবে বিবেচিত হতে পারে। সচিবালয় নির্দেশমালা-২০১৪-এর ১৫ (১) (ক), ১৫(১)(গ) এবং ১৬ (৬) ই-ফাইল বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হয়েছে। ই-ফাইলিং ব্যবস্থা কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগ ও কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জাম, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে ওই নির্দেশনায়।

