কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে বেসরকারি তিনটি টেলিভিশনের ছয় সাংবাদিককে কুপিয়ে আহত করেছে ইয়াবা ব্যবসায়ীরা। এ সময় ভাঙচুর করে তিনটি ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, ক্যামেরাপারসন ফয়েজ। ইন্ডিপেন্ডেন টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, ক্যামেরাপারসন শরীফ। ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও তার ক্যামেরাপারসন বাবু দাশ।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে এ হামলা ঘটনা ঘটানো হয় বলে নিশ্চিত করেছেন আহত সাংবাদিকরা।
আহত সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল জানান, ওই এলাকায় ভিডিও ফুটেজ সংগ্রহকালে হঠাৎ করে একদল লোক এ হামলার চালায়। এতে এলোপাতাড়ি কুপিয়ে তাদের আহত করার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।
ঘটনাস্থল থেকে বিজিবি ও পুলিশ সদস্য তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের সাথে রয়েছেন টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও আমাদের সময় পত্রিকার টেকনাফ প্রতিনিধি মো. আবদুল্লাহ মনির। আহতদের অবস্থা খুব গুরুতর।
ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।

