আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পকে সমর্থন না দেয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করে নতুন প্রতিজ্ঞা করেছেন রিপাবলিকান দলের প্রভাবশালী স্পিকার পল রায়ান। পার্থক্য সত্ত্বেও ট্রাম্পের সাথে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্প ইস্যুতে রিপাবলিকান দলের নেতাদের মধ্যে ভাঙ্গন এবং মতভেদ দেখা দেয়ায় বৃহস্পতিবার ট্রাম্পের সাথে বৈঠক করেছেন স্পিকার পল রায়ান। পারস্পারিক পার্থক্য ঘুচিয়ে দলকে ঐক্যবদ্ধ করাই ছিল বৈঠকের উদ্দেশ্য।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই খোদ রিপাবলিকান দলের অনেক নেতাই বিরোধিতা করে আসছে তার। বিশেষ করে ট্রাম্পের উদ্ধত আচরণ এবং উস্কানি ও ঘৃণামূলক মন্তব্যের জন্য। এর মধ্যে রিপাবলিকান দলের সর্বোচ্চ সরকারি নেতা স্পিকার পল রায়ান অন্যতম।
ট্রাম্প প্রেসিডেন্ট দৌড়ের শুরু থেকে ১৬ জন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীকে পেছনে ফেলে শেষে যখন একাই এসে দাঁড়িয়েছেন মনোনয়নের জন্য, তখন স্পিকার রায়ান তাকে সমর্থন ও অনুমোদন দিয়ে রাজি হননি। কিন্তু ভোটারদের চাপের মুখে এবার তিনি সেই জায়গা থেকে সরে এসে ট্রাম্পের সাথে একত্রে কাজ করার প্রতিজ্ঞা করেছেন।

