নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শান্তিনগরে খানিকটা বৃষ্টি হলেই পানিতে থইথই করে সড়ক। তবে এবছরের মধ্যেই সেই জলাবদ্ধতা কমে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের পুনঃসংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বড়ধরনের পরিবর্তন হবে। বর্তমানে ডিএসসিসিতে ১৭শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ বছরে শান্তিনগরে ৬০ ভাগ জলাবদ্ধতা কমবে।’
অপরিকল্পিত নগরায়নের জন্য নগরপরিকল্পনাবিদরা দায় এড়াতে পারেন না মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ঘরে বসে কথা না বলে রাস্তায় আসুন।’
খোকন বলেন, ‘আমাদের নগরি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এজন্য নগরপরিকল্পনাবিদরা দায় এড়াতে পারেন না। বাসায় বসে কথা না বলে রাস্তায় আসুন। আমরা পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।’

