নিউজ ডেস্ক : রানাপ্লাজা ধসের জন্য যুক্তরাষ্ট্রের তিনটি বড় কোম্পানির বিরুদ্ধে করা ক্ষতিপূরণের মামলা খারিজ করে দিয়েছেন একটি মার্কিন আদালত। কয়েকজন ক্ষতিগ্রস্ত এই মামলা করেছিলেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওয়ালমার্ট, জে সি পেনি এবং চিলড্রেন্স প্লেসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। মামলার বাদী ছিলেন রানাপ্লাজার এক আহত শ্রমিক এবং নিহত এক নারী শ্রমিকের স্বামী।
তারা অভিযোগ করেছিলেন, এই তিনটি কোম্পানি রানাপ্লাজার কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
ডেলাওয়ার অঙ্গরাজ্যের এক আদালতের বিচারক মামলাটি খারিজ করে দিয়ে বলেছেন, বাংলাদেশি আইন অনুযায়ী এরকম ক্ষতিপূরণের মামলা করতে হয় ঘটনার এক বছরের মধ্যে। বাদীরা মামলা করতে দেরি করে ফেলেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে সাভারের রানাপ্লাজা ধসে এগারোশোর বেশি পোশাক শ্রমিক নিহত হয়। আহত হয় আরো অনেকে। অনেকে এখন পঙ্গু, অসহায় জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকেও সবাই যথাযথ ক্ষতিপূরণ পায়নি।
মার্কিন বিচারক আরও বলেছেন, রানাপ্লাজায় যেসব শ্রমিক কাজ করতেন, তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব কারখানার মালিকের। এক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে কেন এসব শ্রমিকের নিরাপত্তার দায় নিতে হবে, তা বাদীপক্ষ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেননি।

