ফেনী প্রতিনিধি : নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বন্দর দুই দেশের সঙ্গে সম্পৃক্ত। ইতোমধ্যে ১২টি স্থানে ২৩টি স্থলবন্দর ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১০টি বন্দর ভালোভাবে পরিচালিত হচ্ছে। এই বছর আরো দু’টি বন্দর চালু করা হবে। বিলোনীয়া স্থলবন্দরকে আরো যুগপোযোগী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
শুক্রবার সকালে ফেনীর পরশুরাম উপজেলায় বিলোনীয়া স্থলবন্দর পরিদর্শনের এসে তিনি এসব কথা বলেন।
‘দেশের বর্তমান অবস্থা সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়’ মার্কিন রাষ্টদূত বার্নিকাটের এমন বক্তব্যে নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘আমেরিকা কী বললো সেটা আমাদের দেখার বিষয় না। তাদের কথায় দেশ চলে না। দেশ চলবে একটি নির্বাচিত সংসদের প্রধানমন্ত্রীর কথায়।’
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এসে বন্দরের কোনো উন্নয়ন করেনি। শেখ হাসিনা ক্ষমতায় এসে ১০টি বন্দর চালু করেছে।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার।

