নিজস্ব প্রতিবেদক : দেশে হত্যাকাণ্ড, বোমা হামলাসহ যেকোন নাশকতার ঘটনা ঘটলেই ইসলামিক স্টেট (আইএস) এর নামে দায় স্বীকারের অপসংস্কৃতি চালু হয়েছে বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এমনটা দাবি করেন।
শনিবার রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন হওয়ার পর আইএস এর দায় স্বীকার প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতে যেকোন খুন হলে এমনকি ককটেল ফুটলেও আইএস দায় স্বীকার করবে। এমন ভার্চুয়াল দায় স্বীকার করতেতো আর কোন তথ্য প্রমাণ লাগে না।’ দায়স্বীকারের এই অপসংস্কৃতির বাস্তবে কোনো ভিত্তি নেই বলেও যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘রাজশাহীর অন্য শিক্ষকদের হত্যার ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে, আবার কয়েকটা মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের কেউ আইএস বা আল কায়েদার বলে স্বীকার করেনি। আইএস এর এই দায়স্বীকার বায়বীয় দাবি।’

