সাভার প্রতিনিধি : ছোট-বড় ও অতীত-বর্তমানের কোনো দুর্নীতিবাজকেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
শুক্রবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতিবিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় দুদক শুধুমাত্র ছোট দুর্নীতিবাজদের বিচার করছে এমন তথ্য সম্পূর্ণ সত্য নয় উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, অতীতে ও বর্তমানে ছোট-বড় সব ধরনের দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যা আগামীতেও থাকবে। সেক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু দুর্নীতির মত একটি সমস্যার কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। তাই এদেশ থেকে দুর্নীতি সরিয়ে দিতে না পারলে আমরা অন্ধকারের দিকে চলে যাবো।
এ সময় সমাবেশে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক শামসুল আরেফিন।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

