কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৬ নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত ঘুমধুম ও তমব্রু সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন সময় তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিজিবির টহল দলের সদস্যরা তমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করার সময় মিয়ানমারের ২৬ জন নাগরিককে আটক করে। পরে দুপুর ১২টার দিকে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
তিনি আরো জানান, গত ১ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মিয়ানমারের ৩৭৩ জন নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

