নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বাড়াবাড়ি না করে এমন নির্দেশনা দেয়ারও অনুরোধ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী নিজেও সুন্দর নির্বাচন চান। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- যেন সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়। এ নির্দেশনাকে আমরা স্বাগত জানাই।’
এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভোটে কোনো অনিয়ম দেখতে চান না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়েও সুস্পস্ট অনুরোধ জানিয়ে শাহনেওয়াজ বলেন, ‘আমরাও বলেছি- তাদের নেতাকর্মীরা যেনো বাড়াবাড়ি না করে, সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে। যে কোনো বিশৃঙ্খলায় মাঠকর্মীদের বিরুদ্ধে যেন দলীয়ভাবেও ব্যবস্থা নেয়া হয়।’
কোনো সন্ত্রাসী ও বেআইনি কর্মকাণ্ডে কোনো ছাড় দেয়া হবে না- জানিয়ে শাহনেওয়াজে বলেন, ‘দল-মত নির্বিশেষে আমরা বলতে চাই- সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। অনিয়মকারী প্রশ্রয় পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপে সুন্দর ভোট হবে– এমন আশাবাদ ব্যক্ত করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘২৩ এপ্রিল তৃতীয় ধাপের ৬২০ ইউপি’র ভোট হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করেছি, তারাও আরো শক্ত অবস্থানের কথা জানিয়ে আশ্বস্ত করেছে। আগের অভিজ্ঞতা নিয়ে তাদেরকে সতর্ক থাকতে বলেছি। উত্তরোত্তর নির্বাচন ভালো হচ্ছে। বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে না, আশা করি গত দুই পর্বের চেয়ে তৃতীয় ধাপের ভোট আরো সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।

