অর্থনৈতিক প্রতিবেদক : রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন যুক্ত হওয়ার মধ্য দিয়ে একটি উন্নততর রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত হচ্ছে বলে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘রাজস্ব আদায়ে হিসাবরক্ষণ অফিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন থেকে উৎসে কর কর্তন করা তাদের আইনগত দায়িত্ব।’
বুধবার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে ‘উৎসে আয়কর সংগ্রহ : আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার তিনি এ কথা বলেন। এসময় এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় এনবিআর সদস্য ও হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. নজিবুর রহমান বলেন, ‘করযোগ্য যেকোনো বিল পরিশোধের উপর উৎসে আয়কর ও ভ্যাট কর্তন করাও তাদের দায়িত্ব। শুধু উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবেই নয়, বরং সরকারি রাজস্বের হিসাব সংরক্ষণকারী হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
তিনি বলেন, ‘এনবিআর প্রথমবারের মতো হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের কর্মকর্তাদের সাথে এ ধরনের সভার আয়োজন করেছে। রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও হিসাব ব্যবস্থাপনাকে রাজস্বমুখি করতে এনবিআর এবং হিসাব মহানিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে পারস্পরিক টেকসই সম্পর্ক গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠিত মতবিনিময় সভাকে পারস্পরিক পার্টনারশিপের শো-কেসিং হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সভার মধ্য দিয়ে রাজস্ব ব্যবস্থাপনা আরো উন্নত হবে এবং রাজস্বের প্রবৃদ্ধি বাড়বে। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাদের সমন্বয়ে একটি ফোরাম গঠন করা যেতে পারে। যাদের কাছ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।’
এসময় হিসাব মহানিয়ন্ত্রক মো. আবুল কাশেম বলেন, ‘একটি রাজস্বমুখি হিসাব ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তার দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

