নিজস্ব প্রতিবেদক : ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উৎকৃষ্ট নীতি কৌশল সরেজমিনে পরিদর্শন এবং এ বিষয়ে মতবিনিময়ের জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন। শিল্পমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসে সমন্বিত সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করে।
সফরে শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান মু. আনোয়ারুল আলম, সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এএফ মাহমুদ প্রতিনিধিদল সঙ্গে আছেন।
প্রতিনিধিদলটি ২৪ এপ্রিল পর্যন্ত কানাডায় এসএমই এডুকেশন ফাউন্ডেশন, ডেভলপমেন্ট ব্যাংক অব কানাডা, বিশ্ব ব্যাংকের মন্ট্রিল ব্রাঞ্চ, কানাডা বিজনেস অনটারিওসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসএমই উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম প্রত্যক্ষ করবেন।
কানাডা থেকে প্রতিনিধি দলটি ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে তারা ম্যাসাচুসেটস স্টেটের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যালয়, বাণিজ্য উন্নয়ন দপ্তর, নিউইর্য়ক সিটির ক্ষুদ্র ব্যবসায় সেবা কেন্দ্র, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ও ব্যবসা ও শিল্প প্রশাসন দপ্তর, বোস্টনের আর্থিক ব্যবস্থাপনা ইন্সটিটিউট পরিদর্শন করবেন। তারা এসব প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও এসএমই বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন।
সফরের ফলে কানাডা ও যুক্তরাষ্ট্রের এসএমইখাতে অনুসৃত আন্তর্জাতিক উৎকৃষ্ট চর্চা সম্পর্কে ধারণা লাভ, এসএমই উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, সাংগঠনিক কাঠামো, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ইত্যাদি সম্পর্কিত হালনাগাদ তথ্য সম্পর্কে জানা যাবে।
এছাড়া দেশ দু’টির জাতীয় এসএমই নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া, বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি, এসএমই উদ্যোক্তাদের প্রদত্ত আর্থিক ও অন্যান্য সুবিধার ধরন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই ঋণ প্রদানের নীতিমালা, এসএমইখাতে উদ্ভাবনী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে অনুসৃত বিশ্বমানের সেবা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে।
এ সফর বাংলাদেশের জন্য একটি আধুনিক ও বাস্তবমুখী এসএমই নীতি কৌশল প্রণয়নে বিশেষভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ৪ মে দেশে ফেরার কথা রয়েছে।

