আন্তর্জাতিক ডেস্ক : তিমি শিকার করতে পছন্দ করে জাপান। তাদের উপর আন্তর্জাতিক আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এ বছর আবার এন্টার্কটিকায় গিয়েছিল তিমি শিকার অভিযানে। এবারের অভিযানে মোট ৩৩৩টি মিঙ্ক তিমি হত্যা করেছে তারা।
জাপান মৎস্য সংস্থার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গবেষণার নামে জাপানের সিটাসিয়ান গবেষণা সংস্থার ৪টি জাহাজ তিমি শিকার অভিযানে গিয়েছিল এন্টার্কটিকায়। শিকারকৃত ৩৩৩টি তিমির মধ্যে ২৩০টি স্ত্রী তিমি। এদের ৯০ শতাংশই ছিল গর্ভবতী।
জাপানের মৎস্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই গবেষণাটি তারা করেছেন মিঙ্ক তিমির সংখ্যা বোঝার জন্য। কিভাবে এই তিমিদের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় সেটাই গবেষণা করাই এই শিকারের আসল উদ্দেশ্য ছিল।
অতীতে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া গবেষণার কথা বলে জাপানের তিমি হত্যার প্রতিবাদ করেছে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত থেকে জাপানের তিমি শিকার বন্ধ রাখার আদেশ দেয়া হয়। কিন্তু এক বছর বিরতি দিয়ে আবার তিমি শিকার করেছে জাপান।

