নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আইন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক মিটিং এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ সফিউল আলম এ কথা জানান।
১৯৭৯ সালের অধ্যাদেশ দিয়ে বাসস পরিচালিত হচ্ছিল জানিয়ে শফিউল আলম বলেন, সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় অধ্যাদেশ অনুসরণ করে নতুন আইন করা হচ্ছে।
আইনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা ১১ সদস্যের একটি বোর্ড থাকবে। এর মধ্যে একজন চেয়ারম্যান আর বাকি দশজন সদস্য থাকবে। এরা সবাই সরকার কর্তৃক নিয়োগ পাবে। এদের মেয়াদ হবে তিন বছর। এ ছাড়া সংবাদ সংস্থা বাসসে একজন এমডি থাকবে। তার ন্যূনতম যোগ্যতা হবে ১৫ বছরের অভিজ্ঞতা।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন সম্পর্কে সচিব বলেন, এতদিন কোনো প্রেস ইনস্টিটিউট আইন ছিল না। ১৯৭৬ সালের রেজুলেশন দিয়ে পিআইবি চলছিল।
এ আইনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। ১৫ সদস্যের একটা পরিচালনা বোর্ড থাকবে। এ বোর্ডে একজন থাকবেন চেয়ারম্যান। এ ছাড়া একজন মহাপরিচালক থাকবেন। এদের প্রধান কাজ হবে গণমাধ্যম ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া।
এ ছাড়া প্রস্তাবিত ‘সার্ক যুব সনদ’ খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ সনদে ১০টি অনুচ্ছেদ আছে।

