আর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীরা দেশের পশ্চিমাঞ্চলীয় এলাকায় গুলি করে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। খবরটি এমন এক সময়ে এলো যখন সরকার ও বিদ্রোহীরা জাতিসংঘের তত্ত্বাবধানে সোমবার থেকে জেনেভা শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছে।
অস্ত্রবিরতি লঙ্ঘন করে শনিবার রাত থেকেই দু পক্ষের মধ্যে লড়াই শুরু হয়েছে। রাতে বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র অথবা বিমান বিধ্বংসী বন্দুক ব্যবহার করে সরকারি বিমানটিকে ভূপতিত করে।
সিরিয়ার সামরিক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামা প্রদেশে অবতরণ করার সময় বিমানটিকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। এই হামলাকে অস্ত্রবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে দেখছে সিরিয়া সরকার।
সিরিয়ার ওই এলাকাটিতে তৎপর রয়েছে ‘জাইস আল নাসর’ নামের বিদ্রোহী গোষ্ঠীটি। তারা দুটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিমানটি ভূপাতিত করে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে।

