আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটি এবং অস্ত্রাগারে তুরস্কের বিমান হামলায় নিহত হয়েছে ৬৭ বিদ্রোহী। শনিবার তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা ওই হামলা চালিয়েছে।
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত ইরাকের উত্তরাঞ্চলীয় কানদিল, মেতিনা, আবাসিন, হাফতানিন এবং বাসিয়ান এলাকাকে লক্ষ্য করে তুর্কি জেট বিমান হামলা চালায় বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের সীমান্তবর্তী তুর্কি ভূখণ্ডের মধ্যে শুক্রবার বোমা বিস্ফোরণ ঘটায় পিকেকে জঙ্গিরা। এতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা আহত হন।
গত বছরের জুলাইয়ে সরকারের সঙ্গে কুর্দি যোদ্ধাদের একটি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। এরপর থেকে সরকারি বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে পিকেকে বিদ্রোহীরা। এতে অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

