নিউজ ডেস্ক : ওকিনাওয়া দ্বীপে আমেরিকার সামরিক ঘাঁটি স্থানান্তরে প্রয়োজনীয় নির্মাণ কাজ স্থগিত ঘোষণা করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানজে এ্যাবে শুক্রবার এ ঘোষণায় বলেন, সামরিক এ ঘাঁটি সরিয়ে নতুন এলাকায় সরিয়ে নিতে প্রয়োজনীয় নির্মাণ কাজ স্থগিতে আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছে সরকার। বিতর্কিত মার্কিন সামরিক এ ঘাঁটি বন্ধ করা নিয়ে দির্ঘদিন ধরে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল।
সানজে এ্যাবে বলেন, দ্বীপের ঘণবসতিপূর্ণ এলাকা থেকে মার্কিন সেনাবাহিনী পরিচালিত ফুতেনা বিমানঘাঁটি আংশিক সরিয়ে দিতে চায় সরকার। মার্কিন সামরিক এ ঘাঁটি পুরোপুরি সরিয়ে নেয়ার পক্ষে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা।
জাপান সরকার আমেরিকার সামরিক এ ঘাঁটি সরিয়ে নিতে জমি অধিগ্রহনও শুরু করেছে। হেনোকোয় অপর মার্কিন সামরিক ঘাঁটি কাম্প শোয়াবের কাছে এ জমি অধিগ্রহন করছিল সরকার। হেনোকো সামরিক ঘাঁটির অবস্থান নাগো শহরের দক্ষিণে।
সানজে এ্যাবে বলেন, আদালতের সিদ্ধান্ত অনুয়ায়ী ঘাঁটি সম্প্রসারণের কাজ স্থগিতের নির্দেশনা দেয়া হচ্ছে। তবে ওকিনাওয়া দ্বীপের সামরিক ঘাঁটি চুড়ান্তভাবে হেনোকোতে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।
ওকিনাওয়া দ্বীপে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে প্রায় ২৬ হাজার সৈন্য অবস্থান করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির আওতায় এ দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক ঘাঁটি ও সৈন্য উপস্থিতি নিয়ে বেজায় ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা। বিশেষত ১৯৯৫ সালে ১২ বছরের এক কিশোরিকে মার্কিন সৈন্যরা গণধর্ষণ করার পর এ ক্ষোভের মাত্রা আরো বাড়তে শুরু করে।

