নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের আলোকে প্রতি মাসে বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি) প্রকাশিত হয়। সুপ্রিমকোর্ট থেকে প্রকাশিত এসব ইস্যু নকল করে অজ্ঞাত কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করে পজেটিভ ও প্লেট তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলে আসছে। তাই এসব ইস্যু অজ্ঞাত প্রিন্টিং প্রেসে ছাপানো ও বাইন্ডিং করে বিক্রির অভিযোগে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে রাজধানীর ওয়ারি থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের উপ-সচিব মো. আফজাল-উর রহমান এজহারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার ওয়ারি থানায় এজহারটি দায়ের করেন বাংলাদেশ বার কাউন্সিলের সহকারী পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল আহসান।
তবে এজহার দায়েরের পূর্বে টহল পুলিশের সহযোগিতায় অজ্ঞাত প্রেস থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১০১টি বিএলডি ভলিউম জব্দ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের কর্মকর্তা নাজমুল আহসান জানান, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের আলোকে প্রতি মাসে বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি) প্রকাশিত হয়। সুপ্রিমকোর্ট থেকে প্রকাশিত এসব ইস্যু নকল করে অজ্ঞাত কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করে পজেটিভ ও প্লেট তৈরির কাজ করছে একটি চক্র। তাই ২০০০ সনের কপিরাইট আইনের ৮২/৮৫ ধারা অনুসারে শাস্তিযোগ্যে এই অপরাধের কারণে তাদের বিরুদ্ধে থানায় এজহার দায়ের করা হয়েছে।

