আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব পেলেন জনপ্রিয় পাকিস্তানি সংগীত শিল্পী আদনান সামি। তিনি ছাড়াও চলতি বছরের প্রথম দুই মাসে আরো ৬৪ পাকিস্তানিকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান জানায়, পাকিস্তান ছাড়াও এই দুই মাসে বিভিন্ন দেশের আরো ৫৫ জনকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরিন রিজিজু জানান, ২০১৫ সালে পাকিস্তানি ২৬৩ নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ওই বছর বিভিন্ন দেশের আরো ৩৪৪ জন ভারতের নাগরিকত্ব পেয়েছেন।
২০১৪ সালে ভারতের নাগরিকত্ব পাওয়া পাকিস্তানির সংখ্যা ছিল ২৬৭ জন। এছাড়া বিভিন্ন দেশের ৩৫২ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন বলে এক লিখিত প্রশ্নের উত্তরে জানান কিরিন রিজিজু। চলতি বছরের ১ জানুয়ারি আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়।

