আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের এক সদস্যকে এই প্রথম আটক করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী। ইরাকের উত্তরাঞ্চলে গোপন এই অভিযানটি পরিচালনা করেছে মার্কিন সেনাবাহিনীর এলিট ডেল্টা ফোর্সের একটি দল।
সংবাদ মাধ্যম সিএনএন সম্প্রতি এ সংবাদ জানিয়েছে। আটক এই আইএস জঙ্গিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছেন মার্কিন সেনারা। খুব শিগগিরই তাকে ইরাকি বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর দুই কর্মকর্তা।এই অভিযানের ব্যাপারে খুঁটিনাটি তথ্য তারা সিএনএনকে প্রদান করেছেন। কিন্তু সেগুলো প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। তবে ঠিক কোন জায়গায় আটক সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা তারা বলেননি।
মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার স্বীকার করেছেন যে, এই ধরনের বিশেষ বাহিনী ইরাকে পাঠানো হয়েছে আইএস এর বিরুদ্ধে অভিযান চালিয়ে হয় তাদেরকে হয় গ্রেপ্তার করা, নয় হত্যা করার জন্য । কাজে নেমে পড়ার বেশ কয়েক সপ্তাহের মধ্যে জমানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায় এবং একজনকে জ্যান্ত আটক করতে সক্ষম হয়।
কাজটি অত্যন্ত কঠিন। কারণ আইএস জঙ্গিরা আত্মঘাতী হয়। আটক হওয়ার মত অবস্থা তৈরি হলে তারা বোমা দিয়ে নিজেদের উড়িয়ে দেয়। যে কারণে এর আগে সিরিয়া থেকে একজন আইএস সদস্যের স্ত্রীকে গ্রেপ্তার করতে পেরেছিল যুক্তরাষ্ট্র।

