আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরে অবস্থিত ভারতীয় কনসুলেটে বোমা ও বন্দুক হামলা চালানো হয়েছে। বুধবারের ওই হামলায় কনসুলেটের দরজা জানালা ভেঙে গেছে। এছাড়া কমপক্ষে আটটি গাড়িও ধ্বংস হয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত জানুয়ারিতে ভারতীয় দূতাবাসে যে হামলা চালানো হয়েছিল, ইসলামিক স্টেট তার দায় স্বীকার করেছিল।
হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা গোটা এলাকা টহল দিচ্ছে।
এর মাত্র কয়েকদিন আগেই রাজধানী কাবুল ও কুনার প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। ওই দুই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছিল। আফগান সরকার ও তালেবানদের মধ্যে আসন্ন শান্তি আলোচনা নসাৎ করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

