ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বেড়েছে মশার উৎপাত

Link Copied!

mosaরাজশাহী প্রতিনিধি : মশার বাচ্চা প্রথমবারের মতো উড়তে বের হয়েছে। সারা রাত উড়ে সকালের দিকে বাসায় আসার পর মশার বাবা জিজ্ঞেস করলো, তো বাবা, উড়ে কেমন মজা পেলে?’ মশার বাচ্চাটি উত্তর দিল, ‘উড়তে অনেক মজা বাবা। কী আর বলব সে কথা। যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবাই কত হাততালি দিল!’
কৌতুকটা মজার হলেও মশার উপদ্রপ কিন্তু বেশ বিরক্তের। মশার যন্ত্রণায় ঠিক এমনভাবে হাততালি দিতে দিতে অতিষ্ট হয়ে পড়েছেন নগরবাসী।শীতের প্রকোপ কমতে না কমতেই রাজশাহীতে মশার উৎপাত বেড়েছে। দিনের বেলায় মশার উৎপাত কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর তা বেড়ে যায় কয়েকগুণে। অব্যাহত মশার কামড়ে অতিষ্ট হয়ে পড়েছেন নগরবাসী। শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হওয়ার পাশাপাশি নগরবাসীর কাজেও ব্যাঘাত ঘটছে। মশার অত্যাচার থেকে বাঁচতে রাজশাহী সিটি করপোরেশনকে (রাসিক) চিঠি দিয়েছে অনেক প্রতিষ্ঠান। ঠিক এমনই এক চিঠি গতকাল সোমবার রাসিককে দিয়েছেন পোস্টাল অ্যাকাডেমি কর্তৃপক্ষ। সহ পোস্ট মাস্টার জেনারেল (কল্যাণ) কামাল মোস্তফা শরীফ স্বাক্ষরিত চিঠি রাসিকের কাছে জমা দেয়া হয়েছে।
নগর পিতার আসনটি নিয়ে নানান ঝামেলাসহ বেশকিছু সমস্যার কারণে রাসিকের মশক নিধন অভিযান বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। তেল সঙ্কটও এর একটি অন্যতম কারণ।
এলাকাবাসী জানান, নগরীর ড্রেন নিয়মিত পরিষ্কার না করাসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় মশার প্রজনন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাতে মশার কামড়ে ঘরে বসে থাকাই দায় হয়ে পড়েছে। কয়েল জ্বালিয়েও মিলছে না রক্ষা। বাধ্য হয়ে সব সময় কক্ষের জানালা-দরজা বন্ধ রাখতে হচ্ছে।
এদিকে নগরবাসীর সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে রাসিক মঙ্গলবার থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করছে। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা ও বিকেল সাড়ে ৪টা থেকে ফগার স্প্রে করা হবে। প্রতি মঙ্গলবার ৯, ১১, ১২, ১৩ ও ২২নং ওয়ার্ডে, প্রতি বুধবার ৬, ৭, ৮, ১০ ও ১৪নং ওয়ার্ডে, প্রতি বৃহস্পতিবার ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে, প্রতি শনিবার ২০, ২১, ২৩, ২৪ ও ২৭নং ওয়ার্ড, প্রতি রোববার ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ড ও প্রতি সোমবার ২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
দ্বিতীয় পর্যায় শুরু হবে ২৩ মার্চ হতে প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে একবেলা ফগার স্প্রে করা হবে। ওই সময় প্রতি বুধবার ৯, ১১, ১২, ১৩ ও ২২ নং ওয়ার্ড, প্রতি বৃহস্পতিবার ৬, ৭, ৮, ১০ ও ১৪নং ওয়ার্ড, প্রতি শনিবার ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে, প্রতি রবিবার ২০, ২১, ২৩, ২৪ ও ২৭নং ওয়ার্ড, প্রতি সোমবার ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে, মঙ্গলবার ২৫,২৬,২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার জানান, আজ থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। মশকনিধন বাহিনীতে দৈনিক মজুরি ভিত্তিতে ৭৪ জন শ্রমিক, ২০ সুপারভাইজার, স্থায়ী ৪ জন পরিদর্শক ও স্থায়ী ৪৩ জন শ্রমিক কাজ করছে। তাদের মাধ্যমে নগরীতে ফগার মেশিনে ওষুধ স্প্রে করা হচ্ছে।
এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।