আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডে বসবাসরত বিদেশি নাগরিকদের সামান্য অপরাধে বহিস্কার করার প্রস্তাবটি ভোট দিয়ে প্রত্যাখ্যান করবে সুইসরা। ভোটের আগের একটি জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য।
বিদেশি নাগরিকদের বহিষ্কারের এই প্রস্তাবটি দিয়েছিল দেশটির ডানপন্থী সুইস পিপলস পার্টি। দলটি থেকে বলা হয়েছে, অভিবাসন নিয়ে যে অস্বস্তি তৈরি হচ্ছে সেটা সমাধানেই এই প্রস্তাব করেছে তারা।
এদিকে বিরোধী দল বলেছে, এই আইনের ফলে এমন একটা দুই স্তর বিশিষ্ট বিচার ব্যবস্থা চালু হবে যেখানে, বেছে বেছ বিদেশি নাগরিকদের প্রতি অবিচার করা হবে। কিন্তু সুইজারল্যান্ডের ২৫ শতাংশ জনগণই আবার বিদেশি।
প্রায় ২০ লাখ বিদেশি পাসপোর্টধারী মানুষ সুইজারল্যান্ডে আইনসম্মত এবং স্থায়ীভাবে বসবাস করে। কারণ সুইস জাতীয়তা পাওয়ার প্রক্রিয়াটাও জটিল এবং সময়সাপেক্ষ একটি ব্যাপার।
তাছাড়া পৃথিবীর অন্য দেশগুলোর মত সুইজারল্যান্ডে কেউ জন্ম গ্রহণ করলেই সেখানকার জাতীয়তা অর্জন করতে পারে না। কাজেই, এই সমস্ত বিদেশিদের তালিকায় এমনো মানুষ রয়েছেন যারা জীবনে কখনোই সুইজারল্যান্ডের বাইরে কোথাও যান নি। সুইস সরকার জানিয়েছে, প্রতি ১০০ বিদেশির মধ্যে মাত্র ২ জন সুইজারল্যান্ডের নাগরিকত্ব পায়।
সামনের এই গণ ভোটে প্রায় ৫০ লাখ সুইস নাগরিক অংশগ্রহণ করবেন। ভোটের ফলাফলের উপর নির্ভর করছে এই আইনের ভবিষ্যৎ। ভোটের আগে জিএফএস ডট বার্ন নামের একটি প্রতিষ্ঠান জরিপ করে দেখেছে ৫৯ শতাংশ সুইস প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই জরিপ অনুসারে শেষপর্যন্ত আইনটি প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

