নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মীদের নির্যাতন বন্ধে অবিলম্বে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নসহ নির্যাতিত গৃহকর্মীদের মামলা পরিচালনায় সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এ ছাড়া চট্টগ্রামের খুলশীতে শিশু গৃহকর্মী সুলতানাকে হত্যা এবং ঢাকার বেইলি রোডে সরকারি কর্মকর্তার বাসায় গৃহকর্মী জাহানারাকে নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই কোনো না কোনো স্থানে গৃহশ্রমিক নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনের কারণে অনেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সংগঠনের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন প্রমুখ।

