আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে থেকে বোমা তৈরির উপাদান সংগ্রহ করছে ইসলামিক স্টেট (আইএস)। এসব দেশের মধ্যে ভারত অন্যতম। কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের (সিএআর) এক রিপোর্টে বলা হয়েছে, ভারতসহ ২০টি দেশ থেকে বোমা বানানোর উপাদান নিচ্ছে আইএস। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০টি দেশের বিভিন্ন কোম্পানি থেকে পাঠানো উপাদান বিভিন্ন মাধ্যম হয়ে শেষ পর্যন্ত আইএসের হাতে পৌঁছায়। আর আইএস সেগুলো দিয়ে বোমা তৈরি করছে।
বেমা তৈরিতে ব্যবহৃত সাতশ’রও বেশি উপাদান তুরস্ক, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশের ৫১টি কোম্পানি উৎপাদন এবং কেনা-বেচা অথবা করে থাকে। তাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে এসব দ্রব্য কিনছে আইএস। তবে আইএস সদস্যরা নিজেরাও বেশ কিছু বিস্ফোরকের উপাদান তৈরি করা শুরু করেছে। এতে রাসায়নিক সার ও মোবাইল ফোনে ব্যবহৃত সহজলভ্য কিছু বিস্ফোরক উপাদান ব্যবহার করা হয়।
বিভিন্ন দেশের মধ্যে ভারতের সাতটি প্রতিষ্ঠানই বিস্ফোরক, ডেটোনেটিং কর্ড এবং নিরাপত্তা ফিউজ তৈরি করে। এসব পণ্যের সবই সরকারি ছাড়পত্র নিয়ে ভারত থেকে লেবানন ও তুরস্কে রপ্তানি করা হয়। এ ছাড়া ব্রাজিল, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, রাশিয়া, হল্যান্ড, চীন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং চেক রিপাবলিকের কোম্পানিও এসব সরবরাহ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। এসব সস্তা ও সহজলভ্য উপাদানের অনেকগুলোতেই আবার সরকারি লাইসেন্সের কোনো দরকার হয় না। ফলে এগুলো সহজেই আইএসের হাতে পৌঁছে বিস্ফোরক দ্রব্যে পরিণত হচ্ছে।

