নিজস্ব প্রতিবেদক : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপলাইন অপসারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করেছে জ্বালানি বিভাগ। এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ছয় মাস পর এই কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন করা হলো। গত সপ্তাহে ইস্যুকৃত আদেশ অনুসারে আট সদস্যের এ টাস্কফোর্স সারাদেশের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন ও অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সূত্র জানায়, জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন ও পরিকল্পনা) আহ্বায়ক ও পেট্রোবাংলার মহাব্যবস্থাপককে (উৎপাদন ও বিপণন) সদস্য সচিব করে ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব (বিধি ও সেবা অধিশাখা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ন সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ন পুলিশ কমিশনার (অপারেশন), পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স), র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালক এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নিজেই সংসদে বলেন, সারাদেশে প্রায় ২০০ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন রয়েছে। এছাড়া সম্প্রতি গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের দুর্নীতি তদন্তে গঠিত এক কমিটির প্রতিবেদনে দেখা যায়, রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নামের আড়ালে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে কতিপয় অসাধু কর্মকর্তার একটি সিন্ডিকেট রমরমা গ্যাস বাণিজ্য চালাচ্ছেন। চলতি মাসেই এ প্রতিবেদন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে জমা দেয়া হয়।
কমিটির কার্য পরিধি সম্পর্কে বলা হয়েছে, তারা ইতোমধ্যে গঠিত জেলা কমিটির কার্যক্রম তদারকি করবে। কমিটি প্রতি মাসে সভা করে কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। কার্যক্রমের অগ্রগতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে জ্বালানি বিভাগকে জানাতে হবে।

