ঢাকাSunday , 21 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাঠ বিক্ষোভে দিল্লিতে তীব্র পানি সংকট

Link Copied!

tistaআন্তর্জাতিক ডেস্ক : চাকরিতে সমান অধিকারের দাবিতে ভারতের জাঠ সম্প্রদায়ের আন্দোলনের কারণে তীব্র পানি সংকটে পড়েছে দেশটির রাজধানী দিল্লির বাসিন্দারা।

বিবিসি জানিয়েছে, পাশ্ববর্তী হরিয়ানা রাজ্যে জাঠ সম্প্রদায়ের আন্দোলনকারীরা দিল্লিতে পানি সরবরাহের প্রধান উৎস মুনাক খালের পানি সরবরাহের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ করায় দিল্লির পানি সরবরাহে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। পানির অভাবে সোমবার দিল্লির সব স্কুল ও সরকারি দপ্তর বন্ধ রাখার আদেশ দিয়েছে স্থানীয় সরকার।

এদিকে সংকট কাটাতে রেশনে পানি সরবরাহ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দিল্লির কিছু কিছু এলাকায় রোববার সারাদিন পানি থাকবে বলে জানিয়ে দিয়েছে কর্মকর্তারা।

পানি সংকটে করণীয় নির্ধারণে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার কেজরিওয়াল নিজ বাড়িতে জরুরি ওই বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, দিল্লিতে কোনো পানি অবশিষ্ট নেই। আর পানি সংকট অন্তত আরো দুইদিন থাকবে।

কেজরিওয়াল বলেন, হরিয়ানায় চলমান বিক্ষোভের কারণে মুনাক খাল হয়ে দিল্লিতে আসার পানির প্রবাহ বন্ধ রয়েছে। দুইদিন ধরে পানির প্রবাহ বন্ধ থাকায় দিল্লি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টগুলোও কোনো পানি পাচ্ছে না। এই কারণেই দিল্লিতে তীব্র পানি সংকট তৈরি হয়েছে।

দিল্লির পানি সংকট নিরসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং হরিয়ানা রাজ্যের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানান কেজিরওয়াল। তিনি বলেন, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তার কথা হয়েছে। খাল খুলে দিতে সামরিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি বিভিন্ন ব্যক্তির সঙ্গে তিনি আলোচনা করেন।

কেজরিওয়াল আরো বলেন, হাসপাতাল ও অগ্নিনির্বাপক বিভাগসহ সারা দিল্লিতে পানি সুষ্ঠুভাবে বণ্টন করা হবে। দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, পানি পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত দুইদিন লাগবে। মুনাক খালে পানি প্রবাহ স্বাভাবিক হলেও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পানি পরিশোধন হতে অন্তত একদিন লাগবে। ওই সময় পর্যন্ত সবাইকে পানি ব্যবহারে সতর্ক হতে হবে।

উল্লেখ্য, চাকরি এবং পড়াশুনার ক্ষেত্রে অন্যান্য উঁচু সম্প্রদায়ের লোকেরা যে সুযোগ সুবিধা পায় জাঠরা সে সুযোগ থেকে বঞ্চিত। নিজেদের অধিকার আদায়ের জন্য তাই জাঠ সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রদায়ের ভিত্তিতে জাঠদের কোটার প্রস্তাব এক বছর আগেই খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। তা নিয়ে ভেতরে ভেতরে আগে থেকেই অসন্তোষ চলছিল।

এরই ধারাবাহিকতায় জাঠদের অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি) হিসেবে গণ্য করে তাদেরও কোটার আওতায় আনা এবং তা নিয়ে রাজ্যে আইন পাশের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছিল হরিয়ানার বিভিন্ন শহরে। বৃহস্পতিবার থেকে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে।