আন্তর্জাতিক ডেস্ক : রবিবার সিরিয়ার হোমস শহরের আল-আরমান পাড়ায় জোড়া গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’র বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এই সংবাদ জানিয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি। সিরিয়ার স্থানীয় অনেক সংবাদে মৃতের সংখ্যা বলা হয়েছে ২৫ জন। এদিকে সিরিয়ার মানবাধিকার সংগঠনগুলো বলেছে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে।
হামলাকারীদের পরিচয় এখনো অস্পষ্ট। এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে প্রথম দিকে বিদ্রোহ গড়ে উঠেছিল হোমসে। এর আগে এখানে ইসলামিক স্টেট জঙ্গিরা হামলা চালিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, প্রচুর মানুষ গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

