আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। গত বছর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তির সেলফোনে আনলক করার জন্য অ্যাপলের শরণাপন্ন হয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ফোনটি আনলক করতে অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত অ্যাপল যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সেলফোনটি আনলক করতে সাহায্য করার ব্যাপারে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাপলের সব ধরনের পণ্য বর্জন করা উচিত।
ক্যারোলিনার দক্ষিণাঞ্চলীয় পলেইস দ্বীপে এক প্রচারণার সময় ট্রাম্প বলেন, ‘অ্যাপল যতক্ষণ পর্যন্ত কোনো তথ্য না দেবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বর্জন করা হবে।’
রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রথমদিকে অবস্থান করছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচনের মাত্র একদিন আগেই ট্রাম্প এধরনের মন্তব্য করলেন।
গত বছর ডিসেম্বরের ২ তারিখে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হামলা চালিয়েছিল রিজওয়ান ফারুক এবং তার স্ত্রী তাসফিন মালিক। ওই হামলায় নিহত হয়েছিল ১৪ জন এবং আহত হয়েছিল আরো ২২ জন। ওই ঘটনার পর রিজওয়ানের ব্যবহৃত আইফোন আনলক করার জন্য অ্যাপলের শরণাপন্ন হয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ফোন আনলকের ব্যাপারে যুক্তরাষ্ট্রেকে কোনো ধরনের সহায়তা করেনি অ্যাপল।
ট্রাম্প নিজেও আইফোন ব্যবহার করেন। এ বিষয়ে তিনি টুইট বার্তায় বলেছেন, ‘আমার একটি আইফোন এবং একটি স্যামসাংয়ের সেলফোন আছে। কিন্তু অ্যাপল যদি ইসলামিক জঙ্গিদের বিষয়ে কর্তৃপক্ষকে কোনো তথ্য না দেয় তাহলে আমি শুধুমাত্র স্যামসাংয়ের ফোনই ব্যবহার করব আর আইফোন বর্জন করব। আমি মনে করি অনেকেই আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে এবং আমার পথ অনুসরণ করবে।’

