নিজস্ব প্রতিবেদক : বায়ান্নর ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোভাযাত্রা করছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুক্রবার সকালে মৎস্য ভবন সংলগ্ন রমনা পার্কের গেট থেকে শোভাযাত্রা শরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তৃতায় জোটের সভাপতি ও চিত্রনায়ক ফারুক বলেন, ‘মায়ের ভাষার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা রাজপথে নেমেছি। আমরা যেন বায়ান্নর একুশে ফেব্রুয়ারিকে ভুলে না যাই। সেদিনের একুশে ফেব্রুয়ারিই বাঙালিকে ছেষট্টির আন্দোলন ও পরবর্তীতের স্বাধিকার আন্দোলনের পথে ধাবিত করেছে।’
তিনি বলেন, ‘নাজিমউদ্দিন সাহেবই প্রথম বেইমানি করেছে বাঙালিদের সঙ্গে। নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিমুদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশভাগ পরবর্তী সময়ে তিনি পাকপ্রসাশনকে ভুল বুঝিয়েছেন যে, পূর্ব বাংলার মানুষ ঊর্দুতেই কথা বলতে চায়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, চিত্রনায়ক ড্যানি সিডার, আব্দুল মতিন ভূইয়া প্রমুখ।

