ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধ ইস্যুতে আর্ন্তজাতিক প্রচারণার কাজ চলছে

Link Copied!

abul-hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : যুদ্ধপারাধীদের বিচার ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক বিভিন্ন গণমাধ্যমে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের কাজ চলছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের (নওগাঁ-৬) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে বিশ্বব্যাপী প্রচারণার ফোকাল পয়েন্ট হিসেবে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে বিদেশি রাষ্ট্রের সরকার, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাসমূহ, সুশীল সমাজ এবং আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে যুদ্ধাপরাধ সংক্রান্ত বিচারের পক্ষে ইতিবাচক জনমত গড়ার লক্ষ্যে প্রচেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যমে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের কাজও চালিয়ে যাচ্ছি।’

সরকার দলীয় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ইতোমধ্যেই আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমন ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে আমরা মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। অতি সম্প্রতি আমরা সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ বিরোধী কেন্দ্রে যোগ দিয়েছি। এসকল উদ্যোগে সম্পৃক্ত থাকার পাশাপাশি সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯; মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২; পারস্পরিক সহায়তা আইন ২০১২সহ বেশ কয়েকটি শক্তিশালী আইন প্রণয়ন করা হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শুধু বিশ্ব মুসলিম সম্প্রদায় নয়, আর্ন্তজাতিক সম্প্রদায়ের যেকোন শুভ উদ্যোগের সাথে সম্পৃক্ত থেকে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে সরকার সচেষ্ট থাকবে।’

সংরক্ষিত-৬ আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ভূ-খন্ডে জঙ্গিবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কোনে শক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার লক্ষ্যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সীমান্তকে শান্তির সীমান্তে পরিণত করা পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য।’