আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসা দিবসে ফার্স্ট লেডি ও পত্নী মিশেলকে নিয়ে কবিতা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি ওই কবিতাটি পড়েও শুনিয়েছেন।
নিজের লেখা ওই কবিতাখানি মিশেলের উপস্থিতিতেই পড়ার ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু টেলিভিশনে প্রচারিত ‘The Ellen DeGeneres Show’তে মিশেল না থাকায় কেবল উপস্থাপিকার সামনেই তিনি সেটি পাঠ করেন। তিনি লিখেছেন,‘মিশেল এই ভালোবাসা দিবসে আমি তোমাকে গভীর ভালোবাস জানাচ্ছি। তোমার জন্য জাকচিনি রুটি (বিশেষ ধরনের সব্জি রুটি) বানাতে যাচ্ছি। এরপর প্লেটে খানিকটা সব্জি দিয়ে ওটি সাজিয়ে দিব, যেমনটি তুমি পছন্দ কর।’
ওবামা যখন কবিতাটি পড়ছিলেন তার চারপাশে এক রোমান্টিক আবহ ছড়াচ্ছিল এক রাশ লাল গোলাপ আর সাদা লিলি। তিনি প্রিয়তমা স্ত্রীকে সম্বোধন করে আরো বলেন, ‘মিশেল, প্রেসিডেন্ট হিসেবে আমি বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পছন্দ করা। আমার সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।’
স্বামীর প্রতি হৃদয়ের আবেগ আর অনুরাগ প্রকাশে পিছিয়ে থাকেননি ফার্স্ট লেডি মিশেলও। তিনি ওবামার প্রতি নিজের ভালোবাসা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। ওই অনুষ্ঠানে তার ওই বার্তাটিও প্রচার করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামাকে সম্বোধন করে তিনি লিখেছেন:
‘গোলাপ লাল, ভায়োলেট নীল।
প্রেসিডেন্ট হলে তুমি
আর আমি তোমার সঙ্গিনী।’

