আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কে প্রথমবারের মত নির্মিত হয়েছে নারী মসজিদ। নারীরা এতদিন বাসায় বসেই নামায আদায় করত। মসজিদে গিয়ে আলাদাভাবে তাদের নামায আদায়ের ব্যবস্থা ছিল না। কিন্তু এখন দেশটির নারীরা একটি আলাদা মসজিদ পেল যেখানে শুধু নারীরা নামায আদায় করতে পারবে। এখানে জুম্মার নামায ব্যতিত অন্য সময় পুরুষরাও নামাজ আদায় করতে পারবেন। তবে মসজিদের ইমামের দায়িত্ব পালন করবেন নারীরাই। ধর্মীয় প্রতিষ্ঠানে পুরুষতান্ত্রিক কাঠামো ভেঙে স্বাভাবিক করতেই এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মরিয়ম মসজিদটি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন দেশটিতে ধারাভাষ্যকার হিসেবে পরিচিত সিরিয়ীয় বংশোদ্ভূত শেরিন খানকান। তার বাবা সিরীয় নাগরিক এবং মা ডেনমার্কের নাগরিক।
তিনি জানিয়েছেন, আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পুরুষতান্ত্রিক কাঠামোকে স্বাভাবিকভাবেই রেখেছি। এটা শুধু ইসলামেই নয়, ইহুদি, খ্রিষ্টান এবং অন্যান্য ধর্মেও এই পুরুষতান্ত্রিকতা রয়েছে। আর আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই।’
তিনি জানিয়েছেন, এই মসজিদ নির্মাণের পর মুসলিম কমিটিগুলো ইতিবাচক ছিল। তবে অনেকেই আবার এই বিষয়টিকে ভালো ভাবে গ্রহণ করতে পারেনি। শেরিনের দাবী, ইসলামি ঐতিহ্য নারীদের ইমাম হওয়াকে অনুমোদন করে। তবে অনেকেই অজ্ঞতার কারণে এর সমালোচনা করে থাকেন। তার মতে, অনেকেই তার এ কাজকে সমর্থন করছেন। কেবল রক্ষণশীলরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবী নারীদের জন্য পৃথক মসজিদ নির্মাণকেও ইসলাম সমর্থন করে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশেই নারীদের জন্য আলাদা মসজিদ রয়েছে।

