নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘শুধু আইন পাস নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজন অধিকার ও সচেতনতা, আইনমনস্কতা এবং আইনের কঠোর প্রয়োগ।’ শুক্রবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক নম্বর হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭৭টি আইন কলেজের শিক্ষক সমিতির প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন কলেজগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা আজ আমাদের বড় চ্যালেঞ্জ। তবে মনে রাখতে হবে, শুধু আইন পাস করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। এ জন্য আবশ্যক অধিকার সচেতনতা, আইনমনস্কতা ও আইনের কঠোর প্রয়োগ।’
আইন কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও আর্ন্তজাতিক ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বক্তব্য দেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী। দেশের শিক্ষক-আইনজীবী সম্মেলনে অংশ নেন।

